
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আছর ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণদোয়া অনুষ্ঠিত হয়। লাহিড়ী পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করে নির্যাতনের মাধ্যমে অসুস্থ করে তোলা হয়েছে। তার এই অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী।”
তিনি আরও বলেন, “দেশ-বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার সুচিকিৎসায় নিয়োজিত রয়েছেন। তার সুস্থতা কামনায় সারাদেশের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষরাও মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের জন্য কাজ করবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদসহ সদর উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আবু হাসান।















