এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৯ মাস পর আবারও সরব হলো বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল অনুমান সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।জানা যায়, দীর্ঘ সময় পর কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।এ বিষয়ে শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনি দাবি করেন, মিথ্যা ও বানোয়াট মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন হননি; তাদের মনোবল অটুট রয়েছে।তিনি আরও বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করা সম্ভব নয়। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি।নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৯ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা-র নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তার নির্দেশনা অনুসরণে তারা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।