এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার পূর্ব বগুড়া কৈপাড়া এলাকায় অবস্থিত ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। শ্রমিকরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করছেন। এছাড়া বিএসটিআই’র মানসনদ ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল।এ সব অপরাধের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ প্রদান ও জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত সামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।