মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে বগুড়া শহরের আটা পাড়ায় অবস্থিত “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার “জেমি লাচ্ছা সেমাই” কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে কারখানাগুলোতে কয়েকটি গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিল— পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাতকরণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার।
এসব অপরাধের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।