
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার সোনামুখী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
জানা যায়, স্থানীয় মাদকবিরোধী সচেতন তরুণরা ভানুডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. সেজাব আলী (৩০)-কে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে তার কাছ থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯(ঘ) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় উদ্ধারকৃত ইয়াবা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















