
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “হৃদয়ে বাংলাদেশকে ধারণ করি, বিতর্কের মাধ্যমে যৌক্তিক সুনাগরিক গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং এসোসিয়েশন ফর রিনোভেশন অব কমিউনিটি হেলথ এডুকেশন সার্ভিসেস (আরচেস)-এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনালে ১টি বিতর্ক অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় ও তারাকান্দি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
ফাইনাল বিতর্কের বিষয় ছিল— “দুর্বল শিল্পায়নের জন্য আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী”। যুক্তি ও উপস্থাপনায় এগিয়ে থেকে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তারাকান্দি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিতার্কিকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ট্রান্সপোর্ট এলাউন্স দেওয়া হয়। আরচেস এনজিও’র পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারক ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
বিচারক প্যানেলে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আতিকুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, পুলিশ পরিদর্শক শফিউল আলম এবং সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, আরচেস কাজিপুর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী পুষ্টিবিদ আব্দুর রাজ্জাক, সহকারী সমন্বয়কারী সাথী খাতুন এবং ম্যানেজার সোহাগ রহমান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।













