প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৩:০৮ পি.এম
কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মার্চ মাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা সেলিম রেজা। এসি ল্যান্ড নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুশীল সমাজের প্রতিনিধি এডভোকেট রবিউল হাসান, ওহিদুজ্জামান মিনু, ইউনিয়ন পরিষদের প্রশাসক, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি সেলিম রেজা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, “সরকারি সেবার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম জোরদার করা হবে।
সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
© আশার দিগন্ত সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কালের বার্তা